শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

মাশরুম চাষে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের

প্রকাশ:১৭:১১,১ অক্টোবর ২০২৬

মাশরুম চাষে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের

মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ

স্বল্প পুঁজি ও সীমিত জায়গায় মাশরুম চাষ করে বেকার যুবক ও নারীরা স্বাবলম্বী হতে পারেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় পাঁচ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, তরুণদের আত্মকর্মসংস্থান তৈরিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই কৃষির ওপর জোর দিয়ে নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও ফয়েজ উদ্দিন জানান, প্রশিক্ষণকে কেবল সনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। প্রশিক্ষিত উদ্যোক্তাদের কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাতকরণেও সদর উপজেলা প্রশাসন পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন