শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

মারা গেছেন হলিউড কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

প্রকাশ:১২:০৯,৩০ অক্টোবর ২০২৬

মারা গেছেন হলিউড কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

.

হলিউডের কিংবদন্তি অভিনেতা ও ‘স্টার ট্রেক’, ‘এক্স-মেন’ খ্যাত তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট ৮৬ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী সানি ওজেল। অ্যালঝেইমারস ডিজিজ ও লুই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে স্বল্প সময়ের অসুস্থতার পর তার জীবনাবসান ঘটে।

১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করা প্যাট্রিক স্টুয়ার্টের শৈশব কেটেছে নানা প্রতিকূলতার মধ্যে। ১২ বছর বয়সে শেক্সপিয়রের নাটকের সঙ্গে পরিচিত হওয়ার পর অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তার। ১৮ বছর বয়সে অভিনয়জগতে পা রাখার পর ষাটের দশক থেকে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির সদস্য হিসেবে মঞ্চে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

দীর্ঘদিন মঞ্চে কাজ করার পর ১৯৪৭ সালে ৪৭ বছর বয়সে টেলিভিশন সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। ১৯৮৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত প্রচারিত এই সিরিজের সাত মৌসুমে ১৭৬টি পর্বে অভিনয় করেন তিনি। পরবর্তীতে ‘স্টার ট্রেক’ সিরিজের চলচ্চিত্র এবং ২০২০ সালে শুরু হওয়া স্ট্রিমিং সিরিজ ‘স্টার ট্রেক: পিকার্ড’-এও একই চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা।

‘স্টার ট্রেক’-এর পাশাপাশি মার্ভেল কমিকস অবলম্বনে নির্মিত ‘এক্স-মেন’ চলচ্চিত্রে টেলিপ্যাথিক ক্ষমতার অধিকারী প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান স্টুয়ার্ট। ২০০০ সালের প্রথম ‘এক্স-মেন’ চলচ্চিত্রসহ সিরিজটির একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া ২০২২ সালের ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’-এ এবং সম্প্রতি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ চলচ্চিত্রের শুটিংয়েও অংশ নিয়েছিলেন এই তারকা। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

নাট্যকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি লাভ করেন তিনি। ব্যক্তিজীবনে তিনবার বিয়ে করা এই অভিনেতার দুই সন্তান রয়েছে। তার প্রয়াণে শোক প্রকাশ করেছে মার্ভেল স্টুডিওসহ হলিউডের বিভিন্ন অঙ্গন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন