শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:২০:১০,৩০ অক্টোবর ২০২৬
.
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বিকেএমইএ’র ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় বিকেএমইএ’র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সদস্য কারখানার প্রতিনিধিসহ নিটওয়্যার শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বিকেএমইএ’র পরিচালক মিনহাজুল হক-এর সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। ২৯ অক্টোবর অনুষ্ঠিত এ সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি মো. শামসুজ্জামান। এ সময় তিনি ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন, যা সদস্যদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।
এরপর সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ বিগত এক বছরে বিকেএমইএ’র সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন, সদস্য কারখানাগুলোর জন্য প্রদত্ত সেবা, শিল্পের স্বার্থরক্ষায় গৃহীত উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
পরবর্তীতে সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল ২০২৫-২৬ অর্থবছরের অডিটকৃত আয়-ব্যয়ের হিসাব এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন, যা সদস্যদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এ ছাড়া অডিটর নিয়োগসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
পূর্বনির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সদস্য কারখানার প্রতিনিধিরা সংগঠন ও শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের পূর্বে জমা দেওয়া প্রশ্ন উত্থাপন করেন।
বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এ পর্ব পরিচালনা করেন এবং সদস্যদের প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ হাতেম সদস্য কারখানাগুলোর স্বার্থরক্ষা ও নিটওয়্যার শিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে তার নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি সদস্যদের আশ্বস্ত করেন যে, যেকোনো প্রয়োজনে তাকে এবং বিকেএমইএকে সবসময় পাশে পাওয়া যাবে। পাশাপাশি সংগঠনের প্রতি সদস্যদের আস্থা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
এরপর বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার সমাপনী বক্তব্য প্রদান করেন।
আনুষ্ঠানিক কার্যক্রম শেষে উন্মুক্ত আলোচনায় সদস্য কারখানার প্রতিনিধিরা নিটওয়্যার শিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় অন্যান্য বিষয়ের পাশাপাশি সুতার মূল্য ও সরবরাহ পরিস্থিতি এবং উৎপাদন ব্যয়ের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সদস্যরা।
আলোচনায় আরও অংশ নেন বিকেএমইএ’র পরিচালক, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কমিটির সদস্য আহসান খান চৌধুরী, সিআইপি।
তারা সদস্যদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে সুতার মূল্য ও সরবরাহসংক্রান্ত সমস্যা নিরসনে বিকেএমইএ’র চলমান উদ্যোগের কথা তুলে ধরে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং নিটওয়্যার শিল্পের উন্নয়নে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে এবারের বার্ষিক সাধারণ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্মুক্ত আলোচনা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।