শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে ২৩ বছর ধরে বন্ধ থাকা সেতু চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশ:১৮:০১,৩০ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ২৩ বছর ধরে বন্ধ থাকা সেতু চালুর দাবিতে মানববন্ধন

.

রূপগঞ্জে বালু নদের ওপর নির্মাণাধীন নগরপাড়া সেতুর কাজ দীর্ঘ ২৩ বছরেও শেষ না হওয়ায় দ্রুত তা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নগরপাড়া এলাকায় পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের উদ্যোগে এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। এতে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কয়েকশ মানুষ অংশ নেন।

তৎকালীন সময়ে এই সেতুর প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা। কাজ শুরুর পর মূল অবকাঠামোর একটি অংশ নির্মিত হলেও পরবর্তীতে বিভিন্ন কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। এরপর টেন্ডার জটিলতা, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং স্থানীয় ও বহিরাগত আবাসন সিন্ডিকেটের বাধার কারণে জনগুরুত্বপূর্ণ এই সেতুটি বছরের পর বছর অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসন এবং রূপগঞ্জসহ আশপাশের এলাকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। কিন্তু স্বার্থান্বেষী মহল ও রিয়েল এস্টেট কোম্পানির সিন্ডিকেটের চক্রান্তে এর অগ্রগতি থমকে যায়। দীর্ঘ ২৩ বছর ধরে সেতুটির কাজ অসম্পূর্ণ থাকায় এটি এলাকাবাসীর চরম দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি না থাকায় রূপগঞ্জ ও কায়েতপাড়া অঞ্চলের লাখ লাখ মানুষকে প্রতিদিন যাতায়াতের জন্য প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে বিকল্প ঝুঁকিপূর্ণ রাস্তায় চলাচল করতে হয়। এতে সাধারণ মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত জ্বালানি খরচ ও পরিবহন ভাড়া গুনতে হচ্ছে। বিশেষ করে মুমূর্ষু রোগী, বৃদ্ধ এবং শিক্ষার্থীদেকে প্রতিদিন সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। নগরপাড়া সেতুটি চালু হলে রূপগঞ্জের অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে সংযোগ স্থাপন সহজ হবে এবং মহাসড়কের যানজটও অনেক কমে আসবে।

কর্মসূচিতে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের সংগঠক ও প্রতিনিধি আহসান উল্লাহ মাস্টার, আইনজীবী নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মামুন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, ব্যাংকার আবু বকর সিদ্দিক এবং বাংলাদেশ পাটশিল্প সমিতির সাবেক সভাপতি হাসেন আলী ব্যাপারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন