শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বোকারাই কবিতার সংসার গড়ে

কামাল সিদ্দিকী

প্রকাশ:১৯:০৫,২৮ অক্টোবর ২০২৬

বোকারাই কবিতার সংসার গড়ে

লেখক সর্ববামে

বোকারাই কবিতার সংসার গড়ে,
অনর্থক জীবনের পথে ছুটে
ব্যর্থতার মালা পরে গলে।
অহর্নিশ অন্ধকারে অদেখা আলোর মিছিলে
নিশিথ-প্রভাতে হারায় অলক্ষ্যের জ্যোতি,
তবুও ছায়াস্বপ্ন ঘিরে রাখে
অস্ফুট জীবনের গতি।

কেউ বোঝে না, বোঝায় না
জীবনের রঙ।
মরীচিকার পথে হেঁটে হেঁটে
ঝরায় জীবনের ফুল।
পাঁপড়িহীন ফুলের বোটা পড়ে থাকে পিছে,
শূন্য সাঁঝের মায়া জড়িয়ে বুকে
একান্তে কাঁদে কবি।

বোকাদের হালখাতা বড় ফাঁকা;
রূপ-রস-গন্ধহীন জীবনের রথে
কোনো অলৌকিক আলোর টানে
একান্ত সঙ্গমে
সেই অজানাকে পেতে,
দু'হাত বাড়িয়ে ছুঁতে চায় অরূপের সাধ।
নিষ্ফলা কামনায় জীবনের সমীকরণ
শূন্যই ঘিরে রাখে
বোকাদের ক্ষণিকের জীবন।

যাপিত জীবনে তারকা ফোটে,
আনমনে বাজে বেহালার সুর—
এই তো বোকাদের ঘর-সংসার,
শব্দে শব্দে মালা গাঁথে কবিতার।
কিছু উচ্ছ্বাস-নিঃশ্বাসে ভালোবাসা ঝরে
বাদল রাতে নিভৃত কুঠিরে।
দুঃখ-বেদনার পঙ্‌ক্তি জুড়ে
বোকাদের সুখ—
একান্ত বোকাদের আঙিনাজুড়ে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন