শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভারের নিচে সপ্তাহে ৩ দিন ২০০ মানুষের বিনামূল্যে আহার

প্রকাশ:১৮:১১,২১ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভারের নিচে সপ্তাহে ৩ দিন ২০০ মানুষের বিনামূল্যে আহার

.

রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভারের নিচে শাহবাজ ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিত খাবার পাচ্ছেন দরিদ্র ও শ্রমজীবী মানুষ। 'মানবতার দস্তরখানা' নামের এই কর্মসূচির মাধ্যমে প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার প্রায় ২০০ জন অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে এই সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

এখানে খাবার খেতে আসেন রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী, ভিক্ষুক ও পথচারীসহ নিম্ন আয়ের নানা পেশার মানুষ। বাজারের বর্তমান পরিস্থিতিতে যেখানে প্রতিদিনের সংসার খরচ চালানো কঠিন, সেখানে বিনামূল্যে এই খাবার পেয়ে উপকারভোগীদের আর্থিক চাপ কিছুটা হলেও কমছে।

আয়োজকরা জানান, শুরুতে সপ্তাহে মাত্র একদিন খাবার বিতরণের মাধ্যমে কার্যক্রমটি চালু হয়েছিল। পরবর্তীতে মানুষের প্রয়োজন ও সাড়া বিবেচনা করে তা দুই দিনে এবং বর্তমানে সপ্তাহে তিন দিনে উন্নীত করা হয়েছে। স্থানীয় কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবী বিনামূল্যে এই খাবার পরিবেশনের কাজ করছেন।

শাহবাজ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ইয়ামিন মিয়া জানান, তাঁদের সংগঠনের প্রধান শাখা ঢাকায় শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিনই বিনামূল্যে খাবার সরবরাহ করে। ভুলতা এলাকায় মানুষের ভালো সাড়া পাওয়ায় পর্যায়ক্রমে দিন বাড়ানো হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে তাঁদের।

উপকারভোগীরা জানান, এই কার্যক্রম তাঁদের জন্য বড় সহায়ক হিসেবে কাজ করছে। এটি প্রতিদিন চালু রাখা হলে আরও বেশি অসহায় মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা। অন্যদিকে, স্থানীয় সচেতন মহলের মতে বিত্তবানরা এগিয়ে এলে সমাজে এমন উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন