শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

একই আঙিনায় মসজিদ ও মন্দির, দেড় শতাব্দী ধরে সম্প্রীতির নজির

প্রকাশ:২০:০৫,২০ অক্টোবর ২০২৬

একই আঙিনায় মসজিদ ও মন্দির, দেড় শতাব্দী ধরে সম্প্রীতির নজির

.

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় প্রায় দেড় শতাব্দী ধরে একই আঙিনায় অবস্থান করছে একটি মসজিদ ও একটি মন্দির। পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে পাশাপাশি দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হয়ে আসছে।

স্থানীয় ইউসুফগঞ্জ জামে মসজিদের পাশেই অবস্থিত শ্রী শ্রী সাধুবাবা সম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম। এলাকাবাসীর তথ্য মতে, ১৮৮৩ সাল থেকে এই এলাকায় দুটি ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে সম্প্রীতির ঐতিহ্য শুরু হয়। দীর্ঘ সময় ধরে এখানে আজান ও নামাজের পাশাপাশি মন্দিরে পূজা-অর্চনা চললেও কখনো কোনো বিরোধ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আজানের সময় এবং নির্দিষ্ট প্রার্থনার সূচি মেনে উভয় সম্প্রদায়ের মানুষ নিজ নিজ আচার পালন করেন।

মসজিদের মুসল্লি রিপন বেপারী জানান, দীর্ঘ সময় ধরে দুই সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন। এখানে নামাজ ও পূজা পালনে কখনো কোনো সমস্যা তৈরি হয়নি। আশ্রম কমিটির সাধারণ সম্পাদক রাজয় দাশ হরি জানান, আজানের সময় মুসলমানরা নামাজ পড়েন এবং পূজার সময় হিন্দু সম্প্রদায় বাধা ছাড়াই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমেই এই ধর্মীয় চর্চা চলে আসছে।

ইউসুফগঞ্জ জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা মো. মাহফুজ রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের পূজা-মুহূর্তে মুসলিম সম্প্রদায় সর্বদা সহযোগিতা করে আসছে। এর ফলে এখানকার সম্প্রীতির ঐতিহ্য অটুট রয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বছরের পর বছর ধরে এখানে মসজিদ ও মন্দিরের কার্যক্রম সমানতালে চলছে। এই পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন