শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৩:০৭,২ অক্টোবর ২০২৬
জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৩ বছর বয়সী শিক্ষার্থী লামিয়া।
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম লামিয়া (১৩)। গত বৃহস্পতিবার ১ অক্টোবর রাত পৌনে ১০টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সে মারা যায়। এই ঘটনায় এ নিয়ে মোট তিন ছাত্রীর মৃত্যু হলো।
ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানান, লামিয়ার শরীরের ৫৫ শতাংশ এলাকা দগ্ধ হয়েছিল। এই দুর্ঘটনায় মোট পাঁচজন শিক্ষার্থী দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এর আগে গত মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১১ বছর বয়সী আতিয়া মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ পোড়া ছিল। পরদিন বুধবার সকালে মারা যায় ১৪ বছর বয়সী জিদনি। তার শরীরের ৮২ শতাংশ এলাকা দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ঘটনায় দগ্ধ অপর দুই শিক্ষার্থী আছিয়া ও সুমাইয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাদের আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার ছাদ থেকে ঘটনাটি ঘটে। সেখানে খেলার সময় শিক্ষার্থীদের হাতে থাকা একটি আখের পাতা হাই-ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে বিকট শব্দে স্পার্ক সৃষ্টি হয়ে আগুন ধরে গেলে আবাসিক ৫ ছাত্রী গুরুতর দগ্ধ হয়।