শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৩:১৬,২ অক্টোবর ২০২৬
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা সড়কে বাড়ছে দুর্ঘটনা, বরাদ্দ মিললেও শুরু হয়নি কাজ।
সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বিষ্ণুপুরা থেকে কাজহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার কাজ আটকে থাকায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে ও বড় বড় গর্ত তৈরি হয়ে বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় রাস্তাটির জন্য ১ কোটি ১৩ লাখ ১০ হাজার ৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এর মেরামত কাজ শুরু হবে বলে জানা গেছে।
সড়কটির কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এক ফুট গভীর গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিকল হচ্ছে গণপরিবহন এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথে যাতায়াত করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন সহস্রাধিক শিক্ষার্থী স্কুল-কলেজে যাতায়াত করে। এছাড়া আদমজী ইপিজেড, কাঁচপুর বিসিক, ওপেক্স সিনহা, পারটেক্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজসহ আশপাশের বিভিন্ন শিল্পকারখানার প্রায় ২০ হাজার শ্রমিক এই পথ ব্যবহার করেন। পাশাপাশি বারদীর লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসা ভক্তদের জন্য এটি যাতায়াতের অন্যতম সহজ পথ।
যোগাযোগের প্রধান বাহন রিকশা, অটো-রিকশা ও সিএনজি চালিত যান হলেও সামান্য বৃষ্টিতেই তৈরি গর্তে পানি জমে যায়। এতে রাস্তায় যানজট তৈরি হয় ও যানবাহন বিকল হয়ে পড়ে। রাস্তাটি দ্রুত নির্মাণ ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাসিন্দাদের মতে, সড়কটির আধুনিকায়ন হলে সাদিপুর, সনমান্দী ও বারদী ইউনিয়নের সড়ক যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।