শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৭:৩৪,২ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ৩ দশমিক ৯০ শতাংশ জমি দখলের চেষ্টা, বাউন্ডারি ভাঙচুর এবং ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী মুক্তার (৩৭) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি মিজমিজি বাতেনপাড়া এলাকার আবু কালামের ছেলে।
অভিযোগে বলা হয়, সিদ্ধিরগঞ্জ মৌজায় আরএস ২৫৫৩ এবং সিএস ও এসএ ১৮৯৫ দাগের জমিটি ক্রয়সূত্রে মালিক হয়ে সীমানা প্রাচীর নির্মাণ ও সরকারি খাজনা পরিশোধ করে ভোগদখল করছিলেন মুক্তার। অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তার অনুপস্থিতিতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে ঢুকে বাউন্ডারি ভাঙচুর করা হয়, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভাঙচুরের কারণ জানতে চাইলে আসামিরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে জমি দখলের হুমকি দেন। পরবর্তীতে ২ অক্টোবর সকালে অভিযুক্তরা অনধিকার প্রবেশ করে নতুন করে বাউন্ডারি নির্মাণ শুরু করে। খবর পেয়ে মুক্তার বাধা দিতে গেলে তাকে গালিগালাজ ও মারধরের চেষ্টা চালানো হয়। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা চাঁদা না দিলে এবং আইনি ব্যবস্থা নিলে তাকে প্রাণনাশসহ লাশ গুমের হুমকি দেয়।
ঘটনার সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে সাংবাদিকরা সেখানে গেলে বিবাদীপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অলিউল্লাহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাউন্ডারি নির্মাণের কাজ বন্ধ করে দেন। একই সঙ্গে জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে মীমাংসার জন্য থানায় উপস্থিত হতে বলা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।