শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:১৮,৩ অক্টোবর ২০২৬
মো. মাছুম মিঞা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে মো. মাছুম মিঞা নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম চোখের ওপরের অংশ গুরুতর জখম হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই মাসুদ মিঞাও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার মঠের ঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত মাছুম মিঞা দৈনিক যুগযুগান্তর ও অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’-এর রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
এই ঘটনায় মাছুম মিঞা রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জাঙ্গীর এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫) এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রের তথ্যমতে, গত ১৩ আগস্ট অভিযুক্তদের নিয়ে অনলাইনে একটি সংবাদ প্রকাশ করেন মাছুম মিঞা। এর পর থেকেই তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার পথ রোধ করেন।
একপর্যায়ে অভিযুক্তদের একজন চাপাতি দিয়ে মাছুম মিঞার বাম চোখের ওপর আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হন। ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে এলে বড় ভাই মাসুদ মিঞাকেও মারধর করা হয়। হামলার সময় মাসুদ মিঞার পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত দুই ভাই প্রাথমিক চিকিৎসা নেন। তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, সাংবাদিকের দেওয়া লিখিত অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।