শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:২২,৩ অক্টোবর ২০২৬
সাইনবোর্ডে ৬১ পাসপোর্ট ও ৫ এনআইডিসহ ৩ প্রতারক প্রেপ্তার
ফতুল্লায় অভিযানে ৬১টি পাসপোর্ট, পাঁচটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন সরকারি দপ্তরের ছয়টি সিলসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। ফতুল্লা মডেল থানা-পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার বাসিন্দা রাশেদ, ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকার আব্দুল্লাহ তানহা এবং দক্ষিণ শিয়াচর এলাকার মহসিন বেপারী।
পুলিশ জানায়, সাইনবোর্ড এলাকায় অভিযুক্ত রাশেদের ভাড়া নেওয়া কক্ষ থেকে এসব পাসপোর্ট, এনআইডি ও সিল উদ্ধার করা হয়। জব্দ করা সিলগুলোর মধ্যে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি) পুলিশ সুপার, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক, সিদ্ধিরগঞ্জ চিটাগং রোডের নিকাহ রেজিস্ট্রার, নোটারি পাবলিক ও সত্যায়িত প্রতিলিপির সিল রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।