শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:০৪,৩ অক্টোবর ২০২৬
এশিয়ান হাইওয়ের ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ফাটল
সোনারগাঁয়ে ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের সিংলাব-পাকুন্দা অংশে প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটল সৃষ্টির পাশাপাশি কয়েকটি অংশ দেবে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
শনিবার সকালে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী। সরেজমিনে দেখা গেছে, সড়কের কোথাও পিচের স্তর উঠে গেছে এবং মাটি সরে গিয়ে উপরিভাগ অসমান হয়ে পড়েছে। এতে ওই অংশ দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
গুরুত্বপূর্ণ এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ থাকায় চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে পণ্যবাহী যান চলাচল, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যে প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে। পরিস্থিতি সামাল দিতে বর্তমানে বিকল্প পথে যানবাহন ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক তৈরির সময় দুই পাশ থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বড় গর্ত ও জলাশয়ের সৃষ্টি হলেও পর্যাপ্ত গাইড ওয়াল বা সুরক্ষাব্যবস্থা রাখা হয়নি। এমনকি নির্মাণকাজে ব্যবহৃত খোয়া ও বিটুমিনের নিম্নমান নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন। এসব গাফিলতির কারণে ফাটল ধরেছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে মাটি ও নির্মাণসামগ্রীর ত্রুটির অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি জানান, টানা দুই-তিন দিনের বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে গিয়েছিল। এর ওপর দিয়েই অতিরিক্ত ভারী যানবাহন চলায় মাটি সরে গিয়ে ফাটল ধরেছে ও সড়ক দেবে গেছে।
তিনি আরও জানান, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় নিয়োজিত নির্মাণকারী প্রতিষ্ঠান ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে ড্রিল করে দ্রুত মেরামতকাজ সম্পাদন করা হবে।