শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

দিগুবাবুর বাজারে এখনও চড়া সবজির দাম

প্রকাশ:১৯:১০,৩ অক্টোবর ২০২৬

দিগুবাবুর বাজারে এখনও চড়া সবজির দাম

শীতের আগাম সবজির সরবরাহ কম থাকায় বাজার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজারে শীতের আগাম সবজি উঠতে শুরু করলেও বেশিরভাগ সবজির দাম এখনও চড়া রয়েছে। তবে কাঁচা মরিচ ও ফার্মের মুরগির ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। বিপরীত দিকে হাঁসের ডিম, দেশি মুরগি ও বেশ কিছু সবজির দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

শনিবার (৩ অক্টোবর) সকালে দিগুবাবুর বাজারে শীতের আগাম সবজির মধ্যে শিম ১৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া শীতকালীন টমেটো ৯৬ থেকে ১০০ টাকা, চায়না গাজর ১০৫ থেকে ১১০ টাকা এবং দেশি গাজর ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারটিতে গোল বেগুন ৬০ থেকে ৮০ টাকা এবং লম্বা বেগুন ৪০ থেকে ৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। মানভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। অন্যান্য সবজির মধ্যে ঢ্যাঁড়স ৪০ টাকা, শসা ৩৬ টাকা, পটল ৪৬ থেকে ৫০ টাকা, ধুন্দুল ৩০ টাকা, কহি ২৪ টাকা এবং করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কম দামের সবজির তালিকায় মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ১০ থেকে ১২ টাকা ও বরবটি ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকারভেদে লাউ প্রতি পিস ২০ টাকা বা কেজি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ধনেপাতা ১০০ টাকা কেজি এবং বড় গোল লেবু পাঁচ হালি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের মধ্যে দেশি পেঁয়াজ ৪০ টাকা, লাল আলু ২০ টাকা, সাদা আলু ২২ টাকা, রসুন ৮০ টাকা এবং আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৫০ টাকা এবং হাঁসের ডিম ২১০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির মধ্যে ব্রয়লার ১৯০ টাকা, কক বা সোনালি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বাজারে আসা ক্রেতারা জানান, কাঁচা মরিচ ও আলুর দাম সহনীয় থাকলেও শাক-সবজি ও মুরগি কিনতে বাড়তি খরচ হচ্ছে। এতে সংসারের বাজেট সামলাতে তাদের কষ্ট পেতে হচ্ছে।

বিক্রেতারা জানান, বাজারে শীতের নতুন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। সরবরাহ বাড়লে আগামী কয়েক দিনের মধ্যে সবজির দাম কমে আসতে পারে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন