শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বন্দরে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

প্রকাশ:১৯:১৭,৩ অক্টোবর ২০২৬

বন্দরে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

বন্দরে হামলা-লুটপাট, বিএনপি নেতাদের বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ

বন্দরের লাঙ্গলবন্দে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগে বিএনপির নেতাসহ আটজন নামধারী এবং অজ্ঞাত প্রায় ১১০ জনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শনিবার বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাকসুদ হোসেনের স্ত্রী নার্গিস আক্তার সশরীরে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন।

অভিযুক্তদের মধ্যে বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউসার আশার নাম রয়েছে। এছাড়া জাহাঙ্গির আলম বাবুল, তাঁরা মিয়া, সেলিম মাহমুদ, পাঁখি মিয়া, আনোয়ার প্রধান ও মাহাবুব ওরফে ভাঙ্গারীকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে নার্গিস আক্তার জানান, লাঙ্গলবন্দ মৌজায় তাদের ১৫০ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আশরাফুল ইসলাম নামের একজন বন্দর আদালতে দেওয়ানি মামলা করেন। আদালত ওই জায়গায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন। অভিযোগকারীর দাবি, গত পাঁচ বছর ধরে তার ছেলে মাহমুদুল হাসান শুভ সেখানে অফিস, বালুর গদি ও জিম পরিচালনা করছিলেন। সম্প্রতি জায়গাটি দখলের উদ্দেশ্যে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি ও নানা হুমকি দেওয়া হচ্ছিল।

অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর সকালে অভিযুক্তরা শতাধিক লোক নিয়ে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডের কাছে চিড়াইপাড়ায় শুভর অফিসে হামলা চালান। এ সময় সেখানকার কর্মচারী ও ভেকুচালককে মারধর করে বের করে দেওয়া হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর চালিয়ে ক্যাশে থাকা ১ লাখ ২ হাজার টাকা লুট করে এবং প্রায় ৫ লাখ টাকার সম্পদের ক্ষতি করে। পরে তারা কার্যালয়ের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেয়।

একই দিন বিকেলে লাঙ্গলবন্দ বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের ব্যক্তিগত কার্যালয় দখলের অভিযোগও আনা হয়। নার্গিস আক্তারের দাবি, সেখান থেকে মাকসুদ হোসেনের ব্যানার সরিয়ে সংসদ সদস্য আবুল কালামের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। তিনি ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এদিকে অভিযুক্ত আবুল কাউসার আশা তাদের বিরুদ্ধে ওঠা হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের সব দাবি অস্বীকার করেছেন। এগুলোকে তিনি অপপ্রচার বলে আখ্যায়িত করেন।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন