শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৩২,৩ অক্টোবর ২০২৬
মাদক-সন্ত্রাস প্রতিরোধে যাত্রা শুরু ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জের’
মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’। নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার লক্ষ্য নিয়ে কাজ করবে সামাজিক এই প্ল্যাটফর্মটি।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হুমায়ুন কবির রিপন জানান, গত ১৫ জুন অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে ‘নাগরিক শক্তি নারায়ণগঞ্জ’ গঠিত হয়। একতা, সততা, শৃঙ্খলা ও দায়িত্ব- এই চার নীতিকে ভিত্তি করে কাজ করবে এই প্ল্যাটফর্ম।
তিনি আরও জানান, শহরের অপরাধপ্রবণতা কমাতে গলাচিপা এলাকাকে পাইলট প্রজেক্ট হিসেবে গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পুরো নারায়ণগঞ্জ শহরকে এর আওতায় আনা হবে।
সংগঠনের নেতারা জানান, কোনো অপরাধীকে সামাজিক বা সাংগঠনিক আশ্রয় দেওয়া হবে না। কেউ সংগঠনের পরিচয় ব্যবহার করে অপরাধ আড়াল করতে চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে তথ্য ও সাক্ষ্য দিয়ে সহায়তা করা হবে। একই সঙ্গে বিপথগামী ব্যক্তিদের কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও যুব উন্নয়নমূলক কাজের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে গলাচিপা পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন (মন্টু) বলেন, নব্বইয়ের দশকের ‘প্রতিবেশী নিরাপত্তা কমিটি’ ও কমিউনিটি পুলিশিংয়ের ধারাবাহিকতায় এই প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। মাদক প্রতিরোধে এর অবৈধ উৎস বন্ধের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
বক্তারা জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিটি করপোরেশন ও র্যাবসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কাজ করা হবে। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আনু, নাজিম উদ্দিন পন্টু, আরাফাত আহমেদ রাজিব, অ্যাডভোকেট মাহমুদ কবির খোকন, মোস্তাফিজুর রহমান, লিটন চন্দ্র পাল, আলমগীর আজিজ ইমন ও সাগর আহমেদ।