শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৯:৩৬,৩ অক্টোবর ২০২৬
নৌকা বাইচ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার শীতলক্ষ্যা নদীর শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয়। ঐতিহ্যবাহী এই আয়োজন দেখতে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে জমে হাজার হাজার মানুষের ভিড়। অনেকেই আবার ছোট ছোট নৌকায় চড়ে নদী থেকেই সরাসরি প্রতিযোগিতা উপভোগ করেন।
নৌকা বাইচ উপলক্ষে দিঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি ও কাঞ্চনসহ আশপাশের এলাকাগুলোতে গত কয়েক দিন ধরেই উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। প্রতিযোগিতাকে ঘিরে নৌকা তৈরির কারিগরদের মধ্যেও ছিল ব্যাপক ব্যস্ততা।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতার মূল পুরস্কারের তালিকায় ছিল মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে বর্ষাকালে নদী ও খাল-বিলে নিয়মিত নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। তবে নদী-নালা সংকুচিত হওয়া, জলাশয় ভরাট এবং আবাসন প্রকল্পের কারণে এই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। দীর্ঘ দিন পর এমন আয়োজন দেখতে পেরে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা তাদের শৈশবের স্মৃতির কথা প্রকাশ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে ভবিষ্যতে নিয়মিত এমন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের দাবি জানান তারা।