শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:৪৬,৪ অক্টোবর ২০২৬
নাদিম হোসেন (২২), সিহাব হাসান (২১) ও ইমন মিয়া (১৯)।
রূপগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ধর্বপুর এলাকার নাদিম হোসেন (২২), সিহাব হাসান (২১) ও ইমন মিয়া (১৯)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেলে মৈকুলী গ্রামের ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে পূর্বাচল উপশহরে বেড়াতে যান। রাতে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে আসামিরা তাদের পথ রোধ করেন। পরে তাদের জোর করে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোরীর বন্ধুকে আটকে রেখে অভিযুক্ত তিনজন পর্যায়ক্রমে কিশোরীকে ধর্ষণ করেন।
ঘটনার এক পর্যায়ে অভিযুক্তরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা আনার কথা বলে কৌশলে সেখান থেকে বের হয়ে কিশোরীর বন্ধু জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।