শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বিকেএমইএ’র ওয়াটার সেল উদ্বোধনী

স্টাফ রিপোর্টার

প্রকাশ:১৪:১২,৪ অক্টোবর ২০২৬

বিকেএমইএ’র ওয়াটার সেল উদ্বোধনী

.

বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেছেন পানি ব্যবস্থাপনাকে শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না; এটি আমাদের নৈতিক দায়িত্বও। পানির অপব্যবহার ও দূষণের যে প্রভাব, তা শেষ পর্যন্ত আমাদের দেশ, আমাদের সমাজ এবং আমাদের মানুষের ওপরই পড়ে। তাই পানির ব্যবহারের ক্ষেত্রে আমাদেরই আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, শিল্পের টেকসই প্রবৃদ্ধির সঙ্গে পানিসম্পদের সুরক্ষাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে এবং এ ক্ষেত্রে শিল্পখাতকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


পানির দায়িত্বশীল ব্যবস্থাপনায় শিল্পখাতের ভূমিকা আরও শক্তিশালী করতে গতকাল  বিকেএমইএ’র ওয়াটার সেল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশের নিটওয়্যার খাতে পানির দায়িত্বশীল ব্যবস্থাপনা ও ওয়াটার স্টুয়ার্ডশিপ বিষয়ে একটি অবহিতকরণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ অক্টোবর) সুইডেন দূতাবাসের সহায়তায় ওয়াটারএইড ও বিকেএমইএ’র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিকেএমইএ'র বিভিন্ন সদস্য কারখানার প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

উদ্বোধনী পর্বে বিকেএমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন। দিনব্যাপী আয়োজনে কারখানায় পানির ব্যবহার পরিমাপ, পানির ব্যবহার কমানো, পুনর্ব্যবহার বৃদ্ধি এবং দূষণ প্রতিরোধের বাস্তবসম্মত উপায় নিয়ে কারিগরি আলোচনা ও দলীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাশাপাশি পানি সাশ্রয়ী উদ্যোগকে কার্যকর ও বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান হান্না নরেল, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী, ওয়াটারএইড সুইডেনের গ্লোবাল সাসটেইনেবিলিটি লিড রামি নের্থে এবং লিনডেক্স-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সাসটেইনেবিলিটি ম্যানেজার কাজী মোহাম্মদ ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের নিটওয়্যার খাতে পানি ব্যবস্থাপনায় সচেতনতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন