শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৭:০৯,৪ অক্টোবর ২০২৬
.
প্লাস্টিক দূষণ রোধ ও শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার আলীরটেকে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেয় সদর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মের মানসিকতা ও অভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন। অতিরিক্ত তাপমাত্রা, তাপপ্রবাহ ও বন্যার মতো দুর্যোগ শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই অবস্থায় শিশুদের পর্যাপ্ত পানি পানের পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের সচেতনতা তৈরিতে এ পদক্ষেপ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা বোতল ব্যবহার করলে পরিবার ও সমাজেও পরিবেশ সচেতনতা ছড়িয়ে পড়বে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, দৈনন্দিন জীবনের ছোট ছোট ইতিবাচক অভ্যাস ভবিষ্যতে বড় পরিবর্তন আনে। বিদ্যালয়ভিত্তিক এই কার্যক্রম পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল সমাজ গঠনে সহায়তা করবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জলবায়ু-সহনশীল শিক্ষাব্যবস্থা গড়ার অংশ হিসেবেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ ধরনের পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সুরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।