শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সোনারগাঁয়ে রাসায়নিকবাহী কাভার্ড ভ্যানে আগুন

প্রকাশ:১৭:১৩,৪ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে রাসায়নিকবাহী কাভার্ড ভ্যানে আগুন

.

চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের জন্য রাসায়নিক নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার পথে সোনারগাঁয়ে একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনের মালিবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খুলনা মেট্রো-চ-১১-১২৯৪ নম্বরের কাভার্ড ভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন কেবল গাড়ির ইঞ্জিনে সীমাবদ্ধ থাকায় কাভার্ড ভ্যানে থাকা রাসায়নিকে আগুন লাগেনি। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং চালক ও হেলপার নিরাপদে রয়েছেন। অগ্নিকাণ্ডের পর কাভার্ড ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

কাভার্ড ভ্যানটিতে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়ায় অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে রাসায়নিক নেওয়া হচ্ছিল। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা এসব বিপজ্জনক রাসায়নিক ধ্বংসের অংশ হিসেবে নারায়ণগঞ্জে স্থানান্তর করা হচ্ছিল।

এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে বিশেষ নিরাপত্তায় ৯টি কনটেইনারের প্রথম চালানটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। এসব কনটেইনারে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিডের একটি, মিথানলের পাঁচটি এবং থিনারের দুটি কনটেইনার ছিল। তবে রাসায়নিক পরিবহনের সময় এমন অগ্নিকাণ্ড নিরাপদ পরিবহনব্যবস্থা ও জরুরি প্রতিক্রিয়া সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় গাড়ির ইঞ্জিনে আগুন লাগলেও বহন করা কেমিক্যাল বা এসিড পর্যন্ত আগুন পৌঁছাতে পারেনি।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন