শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৮:৪২,৪ অক্টোবর ২০২৬
.
সোনারগাঁয়ে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।
অভিযানকালে নির্ধারিত পণ্যে পাটের বস্তা বা মোড়ক ব্যবহার না করার প্রমাণ পাওয়া যায়। ফলে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. নবী হোসেন, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সির স্বত্বাধিকারী এবং সোনারগাঁ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী সাকিমুল করিম আদন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন। এতে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।