শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

শিক্ষকদের হারানো গৌরব ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর : জেলা প্রশাসক

প্রকাশ:১৮:০২,৫ অক্টোবর ২০২৬

শিক্ষকদের হারানো গৌরব ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর : জেলা প্রশাসক

.

শিক্ষকরাই জাতির কারিগর এবং তারা একটি প্রজন্মের নৈতিকতা ও মানবিকতা গড়ে তোলেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করার পাশাপাশি তাদের হারানো গৌরব ও মর্যাদা ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে এ বছর ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, বাবা-মায়ের পরই শিক্ষকের স্থান। তাই শিক্ষকদের সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব। শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা বৃদ্ধি করা সম্ভব হলে আগামী ৬০ বছরের ভবিষ্যৎ বাংলাদেশ আরও শক্তিশালী হবে। এজন্য শিক্ষকদেরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍‍্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম এবং শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের সভাপতি কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, একজন ভালো শিক্ষকের কাছ থেকে হাজারটি বইয়ের চেয়েও কার্যকর শিক্ষা লাভ করা সম্ভব। সুন্দর সমাজ ও দেশ গঠনে ন্যায়ভিত্তিক ও মানবিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষ অংশে জেলার গুণী ও শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন