শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:৪৫,৬ অক্টোবর ২০২৬
.
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি এবং রামদা ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রোববার রাত পৌনে ১২টার দিকে মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন গোহাট্টা এলাকার মো. পারভেজ ও প্রান্ত, নাল আলাপদী এলাকার মো. রোহান, ছোট সাদিপুর এলাকার মো. ডালিম, আলাপদী এলাকার নাজমুল এবং কুমিল্লার লাকসামের বাতাখালী এলাকার মো. অন্তর। অন্তর বর্তমানে সোনারগাঁয়ের কামারগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পুলিশ জানিয়েছে, রাতে ডিউটিতে থাকাকালে ৯-১০ জনের একটি দল সিএনজি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পান সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ ধাওয়া দিয়ে ছয়জনকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি রামদা, একটি দা, একটি ছুরি, তালা কাটার যন্ত্র, সেলাই রেঞ্জ, প্লাস এবং একটি রড উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।