শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:৪৯,৬ অক্টোবর ২০২৬
.
আড়াইহাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযানে হাবিবুর রহমানের প্রতিষ্ঠান ‘হাবিবুর অটো হাউজ’কে ১৫ হাজার টাকা এবং আবদুল মতিনের ‘আল নিহাল এন্টারপ্রাইজ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত হাবিবুর রহমান ও আবদুল মতিন উভয়ের বয়সই ৩৫ বছর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ পেয়ে প্রভাকরদী বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রির সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অসাদুপায়ী ব্যবসায়ী দোকান বন্ধ করে কেটে পড়েন।