শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:৫৫,৬ অক্টোবর ২০২৬
.
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস ৩৪ টাকা নির্ধারণের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঘোষিত অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি আগামী ৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসন, বাস মালিক সমিতি ও শিক্ষার্থী প্রতিনিধিদের তিন ঘণ্টাব্যাপী এক যৌথ বৈঠকে এই সমঝোতা হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জানান, সোহার্দ্যপূর্ণ পরিবেশে যাত্রী, রাজনৈতিক নেতা, চেম্বার অব কমার্স, বিআরটিএ ও বাস মালিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। সাধারণ যাত্রীদের স্বার্থে মালিকরা ভাড়ায় ছাড় দিতে সম্মত হয়েছেন। আগামী ৭ অক্টোবর বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, দীর্ঘদিনের জটিলতা কাটাতে একাধিক বৈঠকের পর একটি নীতিগত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। যাত্রীদের প্রত্যাশা ও মালিকদের ব্যবসার বিষয়টি মাথায় রেখে দ্রুতই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী জানান, প্রশাসনের আশ্বাস ও মালিকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই আন্দোলনকারীরা ৭ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন। ওই দিন একটি যুক্তিযুক্ত ভাড়া নির্ধারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা বলেন, সাধারণ যাত্রীদের ৫৮ টাকা ও শিক্ষার্থীদের ৩৪ টাকা ভাড়ার প্রস্তাবে নীতিগত সমর্থন পাওয়া গেছে। অন্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার জন্য কিছু সময় নেওয়া হয়েছে। পাশাপাশি এই রুটে বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি এবং রেললাইন দ্বিমুখী করার বিষয়ে প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করছেন।
জাতীয় ছাত্রশক্তি ও ছাত্র ফেডারেশনের নেতারা জানান, সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের সুবিধার্থেই ব্লকেড স্থগিত করা হয়েছে। তবে ৭ অক্টোবরের বৈঠকে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ভাড়া ৩৪ টাকা নির্ধারণে সিদ্ধান্ত হলেও সাধারণ যাত্রীদের ভাড়ার বিষয়ে সুরাহা হয়নি। চার দফার বৈঠক অকার্যকর হওয়ায় সাতটি ছাত্র সংগঠনের মোর্চা ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ ৬ অক্টোবরের ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিল।
উক্ত বৈঠকে বিআরটিএ-র সহকারী পরিদর্শক মো. মাহবুবুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিটি বন্ধন ও উৎসব পরিবহনের পরিচালকবৃন্দ এবং ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি ও খেলাফত ছাত্র মজলিসের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।