শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১১:৫৮,৬ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ হিসেবে গড়ে তুলতে হকারসহ নগরবাসীর সহযোগিতা চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সোমবার নগরের চাষাঢ়ায় যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক নিয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
হকারদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন খান বলেন, সড়ক ছেড়ে গলাচিপায় রেললাইনের পাশে নির্ধারিত স্থানে তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। শহরের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তিনি হকারদের সহযোগিতার অনুরোধ জানান। নির্ধারিত স্থানে কেনাকাটা করতে ক্রেতারাও যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নাসিক প্রশাসক জানান, শহরের উন্নয়ন হলে অপরাধপ্রবণতা কমে আসবে। নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত, সবুজ ও পরিচ্ছন্ন রাখতে পুলিশ, রাজনীতিবিদ, সাংবাদিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নগরীতে অটোরিকশা ও রিকশা চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, কেবল পরিচয়পত্র পাওয়া অনুমোদিত অটোরিকশা ও রিকশাগুলোই চলাচল করতে পারবে।
যানজট নিরসনে জনবল বাড়ানোর তথ্য তুলে ধরে তিনি জানান, সিটি করপোরেশনে ইতোমধ্যে ৫০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া যানজট নিয়ন্ত্রণে ৪৯ জন কর্মী এবং উচ্ছেদ অভিযানে প্রায় ৬০ জন কর্মী কাজ করছেন। প্রয়োজনে আনসার সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।