শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১১:৪৯,৮ অক্টোবর ২০২৬
.
শ্রী পাগলনাথ ও রামসীতা মন্দিরের পূজারি চিন্ময় দাস মহন্ত কে ডেকে আটকের ১৬ ঘন্টা পর ফতুল্লা থানা হাজত থেকে মুক্তি পেয়েছেন। তার আটকের বিষয় নিয়ে জেলার সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু সহ হিন্দু ইউনিটির একাধিক জন বিষয়টি তুলে ধরেন। পরে সভায় উপস্থিত ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ তাদেরকে অবগত করেন যে,তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে কি কারনে তাকে থানা হাজতে ১৬ ঘন্টা আটক করে রাখা হয়েছিলো সে বিষয়ে তখন কোন মন্তব্য করেননি।
জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে শ্রী শ্রী পাগলনাথ ও রামসীতা মন্দিরের পূজারি চিন্ময় দাস মহন্তকে থানা পুলিশের এক সহকারী দারোগা মন্দিরে গিয়ে জানায় যে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ তাকে যেতে বলেছে। তিনি তাদের সাথে থানায় আসার পর ওসির নির্দেশে তাকে থানা হাজতখানায় ঢুকানোর হয়। মূহুর্তেই তাকে আটক করার বিষয়টি ছড়িয়ে পরে।হিন্দু কমিউনিটির লোকজন থানায় ভিড় করতে শুরু করে। কিন্ত ওসি হাজতখানায় রাখার নির্দেশের পরপর থানা থেকে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা পর ফিরে এসে জানায় যে, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। সকাল হলে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেয়া হবে।
পরের দিন সকাল ১০ টার দিকে সদর উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভায় চলে যান। সভা চলাকালী সময়ে যখন বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এর পরপরই থানা হাজত থেকে পরিবারের সদস্যদের জিম্মায় পূজারি চিন্ময় দাস মহন্ত কে ছেড়ে দেওয়া হয়।
সূত্র মতে,মন্দিরের জায়গা নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।সেই মামলা বাদী হচ্ছে পূজারি চিন্ময় দাস মহন্ত।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, আদালতের আদেশ ছাড়া জায়গায় কাজ করবে না এমন মুচলেকা দেয়ার পর চিন্ময় দাস মহন্তকে ছেড়ে দেয়া হয়েছে।