শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৫:৪৪,৯ অক্টোবর ২০২৬
.
মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলার বিভিন্ন মাছের বাজার ও আড়তে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। শুক্রবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে সাতটি মাছের বাজার ও দুটি আড়ত পরিদর্শন করলেও নিষিদ্ধ কোনো মাছ বা মা ইলিশ পাওয়া যায়নি।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে শুক্রবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলার বিভিন্ন মাছের বাজার এবং আড়তে নজরদারি চালানো হয়। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ। অভিযান ও মোবাইল কোর্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত সময়জুড়ে মাছের বাজার ও আড়তে নজরদারি অব্যাহত থাকবে। নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি বন্ধে মৎস্য বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এবং মাছের উৎপাদন বাড়াতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ক্ষেত্রে জেলেদের পাশাপাশি মাছ ব্যবসায়ী ও আড়তদারদেরও আইন মেনে চলতে হবে। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২৯ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানান তিনি।