শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

মাসদাইর পাকাপুল গলিতে ময়লার স্তূপ

প্রকাশ:১২:২৫,১৮ সেপ্টেম্বর ২০২৬

মাসদাইর পাকাপুল গলিতে ময়লার স্তূপ

ময়লার স্তূপ আর দুর্গন্ধে অতিষ্ঠ মাসদাইর পাকাপুল গলির মানুষ

নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাসদাইর পাকাপুল গলিতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় মারাত্মক পরিবেশ বিপর্যয় সৃষ্টি হয়েছে। অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলার কারণে এলাকার একটি পুকুর এখন প্রায় ময়লার স্তূপে পরিণত হয়েছে। এতে ছড়ানো তীব্র দুর্গন্ধে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

স্থানীয়দের অভিযোগ, দিনদুপুরের পাশাপাশি রাতের আঁধারেও বিভিন্ন এলাকা থেকে ভ্যানযোগে বর্জ্য এনে ওই পুকুরে ফেলা হচ্ছে। এমনকি গভীর রাতে মৃত গবাদিপশু ও কুকুর-ছাগল ফেলার মতো ঘটনাও ঘটছে। বৃষ্টি হলে পুকুরের জমে থাকা বর্জ্য ও পোকামাকড় রাস্তায় উঠে এসে পরিস্থিতি আরও জঘন্য রূপ নেয়। ঘনবসতিপূর্ণ এই এলাকায় হাজারো মানুষের বসবাস এবং প্রতিদিন বিপুলসংখ্যক তৈরি পোশাক শ্রমিক এই সড়ক দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিনের জমানো বর্জ্যের বিষাক্ত দুর্গন্ধে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে শিশুরা; ঘরে ঘরে দেখা দিচ্ছে নানা ব্যাধি।

দূষণ প্রতিরোধে স্থানীয় বাড়ির মালিকরা একটি সোসাইটি গঠন করে পুকুরটি পরিষ্কার ও চারপাশে টিনের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তবে বিএনপির এক বহিষ্কৃত নেতার বাধার মুখে সেই নাগরিক উদ্যোগ পণ্ড হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। কাজ বন্ধ হওয়ার পর থেকে সেখানে পুনরায় বেপরোয়া গতিতে ময়লা ফেলা শুরু হয়েছে।

এ অবস্থায় পশ্চিম মাসদাইর পাকাপুল গলির বর্জ্য দ্রুত অপসারণ, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং যত্রতত্র ময়লা ফেলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

 

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন