শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৮:১৫,৯ অক্টোবর ২০২৬
মাইম ফেইসের অর্ধযুগ পূর্তিতে দুই দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা সম্পন্ন।
“নির্বাকতাই হোক প্রতিভাদের ভাষা, কোনো কথা না বলে অনেক কথা যাই বলে” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাইম ফেইসের অর্ধযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা-২০২৬ সম্পন্ন হয়েছে।
গত ৮ ও ৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মূকাভিনয় শিল্পের চর্চা ও প্রসার, নতুন প্রজন্মের মধ্যে এ শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি এবং সম্ভাবনাময় শিল্পীদের প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যেই কর্মশালাটির আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমীন জাহান, প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের সভাপতি সাব্বির আল ফাহাদ এবং মাইম ফেইসের উপদেষ্টা ডা. গাজী খায়রুজ্জামান ও মোহাম্মদ রাব্বি।
দুই দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীদের মূকাভিনয়ের বিভিন্ন মৌলিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শরীরী ভাষা, অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি, অভিনয় কৌশল, চরিত্র উপস্থাপন এবং মঞ্চে মূকাভিনয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন প্রশিক্ষকেরা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মোহাম্মদ ইকবাল জাভেদ, অর্থ সম্পাদক, বাংলাদেশ মাইম ফেডারেশন ও ন্যাশনাল মাইম ইনস্টিটিউট, ভারতের প্রাক্তন শিক্ষার্থী; ভবানী শংকর রায়, সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এবং নাট্য ও আবৃত্তিশিল্পী; এবং উজ্জ্বল উচ্ছাস, প্রতিষ্ঠাতা সভাপতি, মাইম ফেইস, নাট্যকার, পরিচালক ও মূকাভিনেতা।
কর্মশালায় বিভিন্ন বয়সী মাইমপ্রেমী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের পাশাপাশি মূকাভিনয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, ব্যবহারিক অনুশীলন এবং মঞ্চ পরিবেশনার কৌশল নিয়েও কাজ করেন অংশগ্রহণকারীরা।
আয়োজকেরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই মাইম ফেইস মূকাভিনয় শিল্পের বিকাশ ও প্রসারে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির ছয় বছরের পথচলা উদযাপনের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের মূকাভিনয় চর্চায় সম্পৃক্ত করা এবং নারায়ণগঞ্জে মূকাভিনয়ের একটি শক্তিশালী চর্চাক্ষেত্র গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন মাইম ফেইসের সাধারণ সম্পাদক আব্দুল হানান সোহান এবং সহসভাপতি আব্দুল জাব্বার। মাইম ফেইসের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মূকাভিনয় শিল্পকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে এবং নতুন শিল্পীদের নিয়মিত চর্চার সুযোগ তৈরি করতে ভবিষ্যতেও বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অর্ধযুগের পথচলা উদযাপনের মধ্য দিয়ে আয়োজিত এ কর্মশালা নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে মূকাভিনয় চর্চাকে আরও গতিশীল করার পাশাপাশি নতুন শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।