শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

১৪ স্থানে অভিযান, আফ্রিকান মাগুর জব্দ

প্রকাশ:১৬:০৪,১০ অক্টোবর ২০২৬

১৪ স্থানে অভিযান, আফ্রিকান মাগুর জব্দ

.

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলার ১১টি মাছের বাজার এবং তিনটি আড়তে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচটি পৃথক অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের খাজা মার্কেট থেকে আনুমানিক ১০ কেজি আফ্রিকান মাগুর জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযান পরিচালনার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ। 
তি‌নি জানান, শনিবার সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আওতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলার বিভিন্ন মাছের বাজার ও আড়তে তল্লাশি চালানো হয়। এ সময় খাজা মার্কেট থেকে আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী দলকে দেখে মাছ রেখে পালিয়ে যান সংশ্লিষ্ট ব্যক্তি। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযানের সময় কোনো বাজার বা আড়তে মা ইলিশ পাওয়া যায়নি।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ব‌লেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নির্বিঘ্ন রাখতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান চলবে। এ সময় নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধে বিভিন্ন বাজার ও আড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন