শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৫:৪৫,১১ অক্টোবর ২০২৬
.
রূপগঞ্জে রাবেয়া খাতুন (৪০) নামে এক গৃহপরিচারিকাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছেন সারোয়ার জাহান সাগর (৩৪) নামে এক ব্যক্তি। পুলিশ সাগরকে গ্রেপ্তার করার পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার সাগর চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আব্দুর রহিমের ছেলে। তিনি রূপগঞ্জে থেকে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত রাবেয়া খাতুন ভোলার চর রমেশ এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি রূপগঞ্জের নাওড়া গ্রামে ভাড়া থেকে স্থানীয় জলসিঁড়ি আবাসন প্রকল্পের একটি বাসায় রান্নার কাজ করতেন। গত ৪ অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন ৫ অক্টোবর দুপুরে জলসিঁড়ির ১২ নম্বর সেক্টরের লেকপাড়ের ঝোপঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর নিহতের পরিবার পরিচয় শনাক্ত করে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে রূপগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সাগরকে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সাগরকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে সাগরকে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তি দেন। পুলিশের ভাষ্যমতে, ঘটনার দিন একা পেয়ে রাবেয়াকে আঘাত করে ঝোপে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন সাগর। আলামত হিসেবে সাগরের টি-শার্ট ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে।