শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২৩:০০,১২ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তকে অবৈধ দাবি করেছেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। তাঁর মতে, মহানগর বিএনপির আহ্বায়ক বা সদস্য সচিবের কোনো সদস্যের পদ স্থগিত করার মতো সাংগঠনিক ক্ষমতা নেই। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে অনুমোদিত। ফলে এই কমিটির কোনো সদস্যের পদ স্থগিত বা বাতিল করার এখতিয়ার কেবল কেন্দ্রীয় কমিটিরই রয়েছে। মহানগর বিএনপির নেতারা থানা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেও নিজ কমিটির সদস্যের বিরুদ্ধে তা পারেন না। তাই তিনি এখনো বহাল আছেন বলে জানান।
নিজের বক্তব্যের সমর্থনে দলের গঠনতন্ত্রের বিধান তুলে ধরে তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যেকোনো কমিটি তার নিচের কমিটির শৃঙ্খলা রক্ষা করতে পারে। তবে সাময়িক বহিষ্কারের জন্য অনুমোদনকারী কমিটি এবং স্থায়ী বহিষ্কারের জন্য জাতীয় নির্বাহী কমিটি বা চেয়ারম্যানের অনুমতি প্রয়োজন।
তিনি আরও জানান, কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো অনুমোদিত কমিটি বাতিল করা যায় না। আর সাময়িক স্থগিতের ক্ষেত্রে সিদ্ধান্তটি বিএনপি মহাসচিবকে জানাতে হয়, যেখানে স্থায়ী কমিটি বা চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত। গঠনতন্ত্র না মেনে তাঁর বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্ত সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।