শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
স্টাফ রিপোর্টার
প্রকাশ:১৩:০৯,১৩ অক্টোবর ২০২৬
.
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশা চালক তুহিন হত্যা মামলা চূড়ান্ত রিপোর্ট (চার্জশিট) আদালতে পেশ করার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পুনর্জামিন পেয়েছেন। আজ সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে তা মঞ্জুর করেন আদালতের বিচারক আবু শামীম আজাদ। তবে চার্জশিটের ব্যাপারে নারাজি দিবেন বলে আদালতে বক্তব্য রাখেন পিপি।
সাবেক মেয়র আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, ২০২৪ সালে ১৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় রিকশা চালক তুহিন হত্যা মামলা দায়ের করেন তার স্ত্রী আলেয়া আক্তার মিম। এ ঘটনায় দু’টি ধারায় মোকদ্দমা হলে তদন্তকারী কর্মকর্তা ৩০২ ধারার মামলায় অভিযোগপত্র দাখিল করেছেন। বিস্ফোরকদ্রব্য মামলায় কোন আলামত না পাওয়ায় এবং সিসি ক্যামোয় ঘটনাস্থলে আসামীদের উপস্থিতি না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) চূড়ান্ত প্রতিবেদনের শুনানী ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য্য ছিলো। পুনর্জামিন প্রার্থনা করলে ব্জিজ্ঞ আদালত তা মঞ্জুর করেছেন। আওলাদ হোসেন আরও জানান, রাষ্ট্রপক্ষের পিপি নারাজির বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করলে আমরা বলছি এ বক্তব্য আইনানুগ নয়। উভয় পক্ষের শুনানী শেষে আদালত আগামী ১২ ডিসেম্বর এ বিষয়ে শুনানীর জন্য দিন ধার্য্য করেছেন।
এদিকে জামিন শেষে বের হওয়ার পর আইভী আদালতপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। আন্দোলনচলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যায় রিকশা চালক তুহিন।