শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১২:৪৯,১৪ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ জেলাজুড়ে পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সাতটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গত মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন মাদক কারবারি, ৩৪ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৯ আসামি, নিয়মিত মামলার ১৭ আসামি, বিভিন্ন ধারায় ১২ জন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ ছাড়া থানাটি থেকে মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ মোট ১৬ জনকে ধরা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১ হাজার ৫২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।
সোনারগাঁ থানা পুলিশ ছয় বোতল কেরু মদসহ দুই মাদক কারবারি এবং ১৪ মাদকসেবীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ ৫৬ বোতল ফেন্সিডিলজাতীয় ওষুধ ফেয়ারডিল ও ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে। এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ থানাটি মোট ১৭ জনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১১ জন, বন্দর থানা পুলিশ বিভিন্ন ধারায় ৯ জন এবং আড়াইহাজার থানা পুলিশ এক মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে সব কটি থানা ও ডিবির এই বিশেষ পুলিশি অভিযান অব্যাহত থাকবে।