শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবারের কাছে ফিরল শিশু আবদুল্লাহ

প্রকাশ:১২:৫১,১৪ অক্টোবর ২০২৬

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবারের কাছে ফিরল শিশু আবদুল্লাহ

.

অটোরিকশাচালকের মানবিকতা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবারের কাছে ফিরেছে চার বছর বয়সী হারিয়ে যাওয়া শিশু আবদুল্লাহ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে বাসা থেকে নিখোঁজ হয় আবদুল্লাহ। সকাল ১০টার দিকে গাবতলা মোড় এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সে আহত হয়। এ সময় সংশ্লিষ্ট অটোরিকশাচালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

চিকিৎসা শেষে শিশুটিকে নিয়ে এলাকায় ফিরে স্বজনদের খোঁজ করতে থাকেন ওই চালক। স্বজনদের না পেয়ে তিনি শিশু আবদুল্লাহকে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে যান।

ঘটনা শোনার পর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন শিশুটির পরিবারকে খুঁজে বের করার উদ্যোগ নেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহায়তায় প্রায় চার ঘণ্টার চেষ্টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লালখান এলাকায় তার পরিবারের সন্ধান মেলে। পরে শিশুটিকে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে শিশুটিকে উদ্ধার, চিকিৎসা প্রদান ও পরিবারকে চিকিৎসায় সহায়তার জন্য ওই অটোরিকশাচালককে সম্মানী দেওয়া হয়। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন