শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বাড়ির ইটও থাকবে না : আইভীকে বিএনপি নেতা টিপু

প্রকাশ:১৮:৪৪,১৪ অক্টোবর ২০২৬

বাড়ির ইটও থাকবে না : আইভীকে বিএনপি নেতা টিপু

.

আদালত প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর দেওয়া 'জয় বাংলা' স্লোগানকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরদিন আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে সাবেক মেয়রকে হুশিয়ারি দিয়েছেন বিএনপির এক স্থানীয় নেতা।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু সাবেক মেয়রকে উদ্দেশ্যে করে বলেন, “আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি। আপনি যদি নিষিদ্ধ স্লোগান দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান, তাহলে কিন্তু আপনার হোয়াইট হাউসের বাড়ির ইটও থাকবে না। একজন ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আপনিও কিন্তু ভালো থাকবেন না।”

এর আগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পান সেলিনা হায়াৎ আইভী। জামিন পাওয়ার পর আদালত চত্বরে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বলেন যে, জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।

এই ঘটনার পর মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার। তুষার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মো. আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে কাজল ও তার ভাইকে এবং দেওভোগ পাকা রোড এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, কিছুদিন আগে ফতুল্লার জামতলা অক্টো অফিস এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন