শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

অটোপাস দ্বারা শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: আবুল কালাম

প্রকাশ:১৯:১৪,১৪ অক্টোবর ২০২৬

অটোপাস দ্বারা শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: আবুল কালাম

.

অটোপাসের মাধ্যমে পতিত সরকারের শাসনামলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি জানান, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে বর্তমান সরকার আধুনিক ও গণমুখী শিক্ষার প্রসারে কাজ করছে।

বুধবার সকাল ১০টায় বন্দরের সোনাকান্দা নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেখানে আলহাজ মো. ফজলুল করিম স্মৃতি আন্তঃমাধ্যমিক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

বক্তব্যে আবুল কালাম বলেন, বিতর্ক কোনো বিরোধ নয়, বরং এর মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। এই ধরনের আয়োজন নিয়মিত চালু রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়তায় এবং মো. মঞ্জুরুল করিমের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি আয়োজন করে বন্দর ক্লাব লিমিটেড। এতে মোট ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করছে’। প্রতিযোগিতায় বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ড. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ অর্জন করে। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলীনুর খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং চিত্রশিল্পী সানাউল আরেফিন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মাকসুদা ইয়াসমিন, শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন এবং বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন