শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
বিশেষ প্রতিনিধি
প্রকাশ:২০:০৪,১৪ অক্টোবর ২০২৬
.
দু’দিন ধরে সেলিনা হায়াৎ আইভীর ফের গ্রেপ্তার নিয়ে চলছে আলোচনা। শহরের আনাচে কানাচে, আদালতপাড়া এমনকি বিশিষ্ট ব্যক্তিদের আড্ডায়ও উঠে আসছে এ কথা। কেউ কেউ অন্য কারো কাছে জানতে চাইছে, আইভী কি আবার গ্রেপ্তার হবে। এরই মধ্যে তার দুইজন আইনজীবী সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৩ অক্টোবার) আদালতপাড়ায় আইভীর স্লোগান কে কেন্দ্র করে। আদালত থেকে বের হওয়ার পর তিনি ‘জয় বাংলা’ বললে আশপাশ থেকেও একই সুর উঠে। তিনি তখন আরও বলেন, জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না। তার কথা মুহূর্তেই নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তখনই বোদ্ধা মহলে আলোচনা শুরু হয় আইভীকে নিয়ে। কেউ কেউ বিষ্ময় প্রকাশ করে বলেন, আইভী এটা কি বললো। কেউ বলেন, তিনি যা বিশ্বাস করেন তা-ই বলেছেন। তখন আবার কেউ বলে উঠেন, এ সময়ে তার এমন বলা উচিত হয়নি। এরই মধ্যে কেউ কেউ বলেন, তার এই স্লোগানের কারনে অনেকে ভুগবেন।
এসব কথার রেশ কাটতে না কাটতেই পরের দিন (১৪ অক্টোবর) তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজল, তার ছোট ভাই আতিকুল ইসলাম এবং আরেক আইনজীবী মাহবুবুর রহমান তুষার। তাদের সন্ত্রাস বিরোধী আইনে আদালতে পাঠিয়েছে পুলিশ।
তিনজনকে গ্রেপ্তারের পর নতুন করে আইভীর গ্রেপ্তার নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক বিএনপি নেতা আইভীকে উদ্দেশ্য করে বলেছেন, জামিনে আছেন শান্তিতে ঘুমান। কেউ বলেছেন, স্লোাগানের ঘটনায় সবাইকে গ্রেপ্তার করতে হবে। কেউ কেউ আইভীকে গ্রেপ্তারের ইঙ্গিতও দিয়েছেন।
জেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি মুচলেকা দিয়ে জামিন নিয়ে এখন যদি কার্যক্রম নিষিদ্ধ দলকে সংগঠিত করতে চায় তবে তাকেও আইনের আওতায় আনা দরকার।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আইভীর একটা স্লোগানে তার দলের অনেক নেতাকর্মীর শান্তি নষ্ট হয়ে গেলো। সরকার ও প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে।
পুলিশের একাধিক সূত্র বলছে, আগামীতে আইভীও গ্রেপ্তার হতে পারে। তবে তা কীভাবে তা পরিস্কার করেনি তারা।
সব কিছু মিলিয়ে রাজনীতি সচেতন মহলে আলোচনা চলছে, ফের গ্রেপ্তার হতে পারে আইভী।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৯ মে দেওভোগের বাড়ি থেকে সেলিনা হায়াৎ আইভিকে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ মাস কারাগারে থাকার পর চলতি বছর ৩ জুন কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।