শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:১৪:১৭,১৫ অক্টোবর ২০২৬
.
সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজল এবং অ্যাডভোকেট মাহাবুব রহমান তুষারকে জেলগেটে ৪ দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে জিয়াউল ইসলাম কাজলের ভাই আতিকুল ইসলামের ১ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে ১৩ অক্টোবর তাদের গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম।
পরের দিন ১৪ অক্টোবর সকালে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠায় পুলিশ ।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, পুলিশ রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের যুক্তি তর্ক শুনেন। পরে ২ জনকে জেলগেটে ৪ দিনের জিজ্ঞাসাবাদ এবং ১ জনকে রিমান্ডের আদেশ দেন।
প্রসঙ্গত, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন এবং বিস্ফোরকদ্রব্য ধারায় চূড়ান্ত প্রতিবেদনের শুনানির দিন ধার্য্য ছিলো ১৩ অক্টোবর।
এদিন আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে একই স্লোগানে কণ্ঠ মেলান।
এ ঘটনায় পুলিশ রাতে ওই ৩ জনকে গ্রেপ্তার করে।