শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার জব্দ ও গ্রেপ্তার ২

প্রকাশ:১৬:৫৪,১৫ অক্টোবর ২০২৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার জব্দ ও গ্রেপ্তার ২

.

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বুধবার রাতে উপজেলার ছনপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।

গ্রেপ্তার দুজন হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে আব্দুল খালেক (২৪) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম (৫২)। আব্দুল খালেক ড্রেজারের গ্রিজার এবং আমিরুল লিভারম্যান হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

অভিযানকালে পুলিশ 'এম-০১-২৬২২' নম্বরের একটি কাটিং ড্রেজার, একটি অ্যাংকর বোট, একটি হাউস বোট, এক হাজার ফুট পাইপ এবং আনুমানিক সাড়ে সাত হাজার ঘনফুট বালু ও মাটি জব্দ করেছে। এসব সরঞ্জাম এখন পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, পলাতক আসামীদের মধ্যে ড্রেজারের প্রকৌশলী রাজশাহীর বাগমারা উপজেলার আতাউর রহমানের ছেলে আবু মুকিত শুভ (৪৫) এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পারুলিয়া গ্রামের মোকসেদের ছেলে লিভারম্যান শাহ আলম রয়েছেন। এছাড়া চঞ্চল, জাহাঙ্গীর, এনাম ও অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে আসামী করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। নদী ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন