শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

মারা গেছেন সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

প্রকাশ:১২:৩৬,১৮ সেপ্টেম্বর ২০২৬

মারা গেছেন সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু পরলোকগমণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চিরকুমার ছিলেন। তাঁর ছোট ভাই মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান সাংবাদিক। নারায়ণগঞ্জের সংবাদ অঙ্গনে দীর্ঘ সময় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘদিন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করার পাশাপাশি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একজন জ্যেষ্ঠ সদস্য হিসেবে সাংবাদিক সমাজের সঙ্গে তিনি গভীরভাবে যুক্ত ছিলেন। তৃণমূল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা থেকে তিনি বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেন। সে সময় তাঁকে সম্মাননা স্মারক, সনদ ও এক লাখ টাকা দেওয়া হয়েছিল।

শারীরিক অবস্থার অবনতি হলে হাফিজুর রহমান মিন্টুকে দীর্ঘসময় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়। পরবর্তীতে তিনি নিজ বাড়িতে ফেরার ইচ্ছা প্রকাশ করলে তাঁর বোন তাঁকে জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যান এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত ১৫ জুলাই তাঁর রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল।

প্রবীণ এই গুণী সাংবাদিকের প্রয়াণে নারায়ণগঞ্জের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন