শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ:১৯:৩০,১৫ অক্টোবর ২০২৬

শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার

.

রূপগঞ্জে স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে আফজাল মোল্লা নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আফজাল মোল্লাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ ও সব ধরনের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুরে দাউদপুর এলাকার কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে সহকারী শিক্ষিকা একরামুননেসা বিউটিকে মারধর করা হয়। ভুক্তভোগী শিক্ষিকা জানান, ২০২৪ সালের আগস্টে একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আফজাল মোল্লার প্রস্তাবে বাধা দিলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ওই পূর্বশত্রুতার জেরে বুধবার স্কুলে ঢুকে তাঁকে কিল-ঘুষি মেরে আহত করেন আফজাল মোল্লা। এ সময় অন্য শিক্ষকরা বাধা দিতে গেলে তাঁদের গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যায়ের সঙ্গে যুক্ত কারও বিষয়ে দল ছাড় দেবে না।

সম্পর্কিত বিষয়:

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন