শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

বাস্তবমুখী ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব এমপি কালামের

প্রকাশ:২০:০১,১৫ অক্টোবর ২০২৬

বাস্তবমুখী ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব এমপি কালামের

.

আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী, পারিবারিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য কালাম বলেন, বেগম রোকেয়ার দেখানো পথ ধরেই আজকের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। আধুনিক প্রযুক্তির সুবাদে এখন মোবাইল ফোনেই সব শিক্ষাসামগ্রী পাওয়া যাচ্ছে। এত সুবিধা থাকার পরও শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জন করতে না পারলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে ব্যক্তিস্বার্থ ও দ্বন্দ্ব শিক্ষার পরিবেশ নষ্ট করে বলে উল্লেখ করেন এমপি কালাম। তিনি বলেন, নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১০ তলা ভবনসহ মোট ছয়টি প্রতিষ্ঠানের নতুন ভবনের জন্য সরকার গঠনের পর ১৯ এপ্রিলের মধ্যেই আবেদন করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া নারায়ণগঞ্জ কলেজে ২৯টি কম্পিউটার সেকশন চালু করার কথা উল্লেখ করে অন্যান্য প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে প্রযুক্তিগত উন্নয়ন করা হবে বলে আশ্বাস দেন।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও অভিভাবক সদস্য মনিরুল ইসলাম সজল এবং প্রতিষ্ঠাতা সদস্য মো. খালিদুজ্জামান ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন