শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২১:০৮,১৫ অক্টোবর ২০২৬
.
আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে হোটেল, ওষুধ ও মুদি দোকানসহ অন্তত তিন শতাধিক দোকান বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কৃষিপণ্যের মূল্যতালিকা প্রদর্শন ও প্রয়োজনীয় লাইসেন্স যাচাইয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ঙ) ধারায় দুই দোকানিকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মেসার্স নুরুল আমিন স্টোরের মালিক নুরুল আমিন ও আজিজুল স্টোরের মালিক আজিজুল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন তাঁদের প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপস্থিত কৃষি কর্মকর্তারা কয়েকটি দোকানে মূল্যতালিকা প্রদর্শনের বিলবোর্ড বিতরণ করেন।
পাশাপাশি প্রতিটি দোকানে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বাজারে কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা ও আইন মেনে ব্যবসা পরিচালনায় সচেতনতা বাড়াতে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।