শনিবার ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩
প্রকাশ:২১:১৬,১৫ অক্টোবর ২০২৬
.
নারায়ণগঞ্জ শহরে অটোরিকশা প্রবেশে বাঁধার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। বৃহস্পতিবার সকালে প্রায় ৪০ মিনিট ধরে চলা এই অবরোধের কারণে ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থী ও কর্মস্থলগামী যাত্রীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চালকেরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় জড়ো হয়ে মূল সড়কে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা কাঠ, বাঁশ ও প্লাস্টিকসামগ্রীতে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে বাসসহ বিভিন্ন যানবাহন আটকে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে আলোচনা করেন। পুলিশের আশ্বাসে চালকেরা অবরোধ প্রত্যাহার করলে সড়কটিতে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী চালকদের দাবি, শহরের মিশনপাড়া এলাকায় অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে এবং সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে পুলিশের মামলা ও জরিমানা বন্ধের দাবি জানান তাঁরা। চালকদের অভিযোগ, প্রতিটি মামলার বিপরীতে তাঁদের তিন হাজার টাকা করে জরিমানা দিতে হচ্ছে।
অবরোধে আটকে পড়া ক্ষুব্ধ যাত্রীরা জানান, সড়ক বন্ধ থাকায় ইপিজেডগামী পোশাকশ্রমিক ও সাধারণ যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে আন্দোলন করার কঠোর সমালোচনা করেন তাঁরা।
ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে। তবে অটোরিকশাচালকদের এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।