শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

‘এত মন্ত্রী মন্ত্রী করো ক্যা’

আনোয়ার হাসান

প্রকাশ:১৯:১২,১৬ অক্টোবর ২০২৬

‘এত মন্ত্রী মন্ত্রী করো ক্যা’

.

আওয়ামীলীগের আমলে নারায়ণগঞ্জে উত্তর দক্ষিণ মেরুর কথা সবাই জানে। একপক্ষের নেতৃত্বে ছিলেন প্রভাবশালী ওসমান পরিবার, আরেক দিকে চুনকা পরিবার। দলের নেতাকর্মীরাও অধিকাংশ ভাগ হয়ে যেতেন আপনাআপনিই। কেউ কেউ আবার কখনও এদিক কখনও ওদিক আসা যাওয়া করতেন।


২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মহানগর আওয়ামলীগের (কার্যক্রম নিষিদ্ধ)  সভাপতি আনোয়ার হোসেন ছিলেন সেলিনা হায়াৎ আইভীর পক্ষে। তখন তার দল শামীম ওসমানকে সমর্থন দিলেও তিনি সেদিকে যাননি। পরের নির্বাচনে আরও কয়েকজনের সঙ্গে নিজেই প্রার্থী ছিলেন আনোয়ার হোসেন। মনোনয়ন হাসিল করতে তখন তিনি তার শিষ্য শামীম ওসমান বলয়ে ভিড়েছিলেন। যদিও শেষতক ওই আমলে সিটি কর্পোরেশনের সব নির্বাচনেই আইভীর প্রতি বিশ্বাস রাখে তার দল।


আনোয়ার হোসেনকেও বিমুখ করেনি। ২০১৬ সালে তাকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান করা হয়। তিনি চেয়ারম্যান হওয়ার আগে নারায়ণগঞ্জে আওয়ামীলীগ সরকার কোন আমলেই মন্ত্রী দেয়নি কেন- এমন প্রশ্নের জবাবে অনেক কথা বলতেন। তার কন্ঠে তখন আক্ষেপ থাকতো, থাকতো ব্যাকুলতা। জেলায় মন্ত্রী দেয়া উচিত বলে তখন তিনি মন্তব্য করতেন। তবে জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার পর তার সুর পাল্টে যায়। এ প্রতিবেদক তাকে একবার আওয়ামীলীগ কেন নারায়ণগঞ্জে মন্ত্রী দেয় না এমন প্রশ্ন করেন। জবাবে তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন‘ ‘এতো মন্ত্রী মন্ত্রী করো ক্যা। মন্ত্রী দিয়া কী অইবো?’ আরও দুই চার কথা বলে তিনি ফোন কেটে দেন।
প্রসঙ্গত, দশম সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামীলীগ চারবার ক্ষমতায় এলেও নারায়ণগঞ্জে কোন মন্ত্রীত্ব দেয়নি। একাদশ সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে বস্ত্র ও পাট মন্ত্রী করা হয়।

গাজীকে মন্ত্রীত্ব দেয়ার পরের ঘটনা আরও চমৎকার। জেলা পরিষদের এক কর্মকর্তার সাথে বিরোধে জড়ায় আনোয়ার হোসেন। তাকে সরানোর জন্য চেষ্টা করেও সফল হতে পারছিলেন না তিনি। তখন তিনি মন্ত্রী গাজীর কাছে যান। প্রত্যক্ষদর্শী সূত্র জানান, আনোয়ার হোসেন  মন্ত্রীর কাছে গিয়ে দেখেন জেলা পরিষদের ওই কর্মকর্তা সেখানে হাজির। তাকে দেখেই তিনি তখন তার চিরায়িত ভঙ্গিতে বলেন, ‘এইনেও আইয়া পড়ছো’! 
তবে শেষতক ওই কর্মকর্তাকে জেলা পরিষদ ছাড়তে হয়েছিলো।


লেখক: জেলা প্রতিনিধি, আরটিভি এবং সম্পাদক- হ্যালো নারায়ণগঞ্জ ডট কম।
 

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন