শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৭৭ জন গ্রেপ্তার

প্রকাশ:১৩:২০,১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ৭৭ জন গ্রেপ্তার

.

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়। শুক্রবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৪৮ জন মাদকসেবী, ৬ জন মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ১৩ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, ১ জন ছিনতাইকারী, নিষিদ্ধ সংগঠনের ২ জন সদস্য ও অন্যান্য অপরাধে ৫ জন রয়েছে।

থানাওয়ারি অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ ৩২ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন এবং নিষিদ্ধ সংগঠনের একজনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানা পুলিশ ১১১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, ১৭ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত দুজনকে গ্রেপ্তার করে, যা থানাগুলোর মধ্যে এককভাবে সর্বোচ্চ ২২ জন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অস্ত্রসহ এক আসামি, ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী, ৯ জন মাদকসেবী, একজন ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ ৯ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার চারজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার দেখায়।

রূপগঞ্জ থানা পুলিশ এক মাদকসেবী, পরোয়ানাভুক্ত সাতজন, নিষিদ্ধ সংগঠনের একজন এবং অন্য ধারায় একজনকেসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ মাদক সেবনের অভিযোগে দুজনকে এবং আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন