শনিবার   ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজায় ২১৯ মণ্ডপে এসআরবি-১১-এর সর্বোচ্চ সতর্কতা

প্রকাশ:১৪:০২,১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ২১৯ মণ্ডপে এসআরবি-১১-এর সর্বোচ্চ সতর্কতা

.

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ২১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এর মধ্যে ৯৩টি পূজামণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে টহল, সাদা পোশাকে নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ, ড্রোন ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

শনিবার নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পরিদর্শনের সময় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এসআরবি-১১-এর দায়িত্বপ্রাপ্ত সাতটি জেলায় মোট ১ হাজার ৯৫০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলায় ২৪০টি পূজামণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। উৎসব শান্তিপূর্ণ করতে প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

এসআরবি-১১ অধিনায়ক বলেন, নারায়ণগঞ্জে নিরাপত্তায় সাতটি টহল দল এবং সাদা পোশাকে ৩০ জন সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া তাদের দায়িত্বপূর্ণ সাতটি জেলায় সার্বক্ষণিক ১৮টি টহল দল কাজ করছে। পাশাপাশি মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম, সমন্বয় সেল ও চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, পূজামণ্ডপে চলাচলের সড়ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। 'শারদীয় সুরক্ষা অ্যাপস'-এর মাধ্যমে নিরাপত্তা কার্যক্রমের সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে সিসিটিভি ও ড্রোনের সাহায্যে মণ্ডপ ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি রাখছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। পূজা ঘিরে কোনো ধরনের অরাজকতা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান অধিনায়ক। পূজামণ্ডপ বা আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়।

পূজা উদযাপন কমিটির সদস্যদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়ে তিনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজা উদযাপনের জোর দেন। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষণিক মাঠে থাকবেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

https://www.facebook.com/hellonarayanganjbd/

আরও পড়ুন